বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় ‘ইকুয়াল এডুকেশন’ নামক কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক মোহাম্মদ আশিকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে তাদের কোনো সন্ধান মিলছে না।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক আশিকের বাড়ি উপজেলার সাতকরাকান্দি গ্রামে। তার সাথে পালিয়ে যাওয়া ছাত্রীর বাড়ি মাউননগর এলাকায়। ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা ও পরিচয় গোপন রাখতে তার নাম ছদ্মনাম ‘এক্স’ ব্যবহার করা হলো।
খবর ধারা-র নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিখোঁজের তিন দিনের মাথায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা ইতিমধ্যে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছেন। তবে এ বিষয়ে কোনো আইনি কাগজপত্র এখনো প্রকাশ্যে আসেনি এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে একজন শিক্ষকের দ্বারা এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিভাবক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষক হবেন পিতৃতুল্য। তিনি যদি এমন কাজ করেন, তাহলে আমরা আমাদের সন্তানদের কোথায় পাঠাবো? এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন