সম্পাদকীয় নীতিমালা ও আচরণবিধি
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ও প্রেস কাউন্সিল আচরণবিধির আলোকে প্রণীত
১. তথ্যের সত্যতা ও দ্বৈত যাচাই (Fact-Verification)
সীমান্ত জার্নাল কোনো প্রকার অনুমাননির্ভর কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করে না। প্রতিটি সংবাদের জন্য অন্তত দুটি স্বাধীন নির্ভরযোগ্য সূত্রের নিশ্চয়তা নেওয়া হয়। সংবেদনশীল সংবাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং বক্তব্য না পাওয়া গেলে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
২. শিশু, নারী ও ভুক্তভোগীর সুরক্ষা
- আইন অনুযায়ী কোনো অপরাধের শিকার নারী বা অপ্রাপ্তবয়স্ক শিশুর পরিচয় বা ছবি প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- আত্মহত্যা বা চরম সহিংস ঘটনার ক্ষেত্রে কোনো বীভৎস ছবি বা ভিডিও ব্যবহার করা হয় না।
- আদালতে বিচারাধীন বিষয়ে পক্ষপাতমূলক কোনো মতামত বা ট্রায়াল পরিচালনা করা হয় না।
৩. সংবাদ বনাম মতামত
আমাদের সংবাদ এবং সম্পাদকীয় মতামত সম্পূর্ণ পৃথক। মতামতে প্রকাশিত বক্তব্য লেখকের নিজস্ব, যা সম্পাদকীয় বিভাগের সংবাদ নীতিকে প্রভাবিত করে না।
৪. প্ল্যাজিয়ারিজম বা চৌর্যবৃত্তি প্রতিরোধ
অন্য কোনো গণমাধ্যমের তথ্য, ছবি বা ভিডিও ব্যবহার করলে অবশ্যই মূল উৎসের প্রতি পূর্ণ ক্রেডিট (উৎস উল্লেখ) প্রদান বাধ্যতামূলক। অনুমতিহীন কপি-পেস্ট সাংবাদিকতা এখানে কঠোরভাবে নিষিদ্ধ।