একসময় জকিগঞ্জের অসংখ্য শিক্ষার্থীর কাছে স্বপ্নের প্রতিষ্ঠান ছিল জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা, ফলাফলের পর ফরম সংগ্রহের ব্যস্ততা এবং জেলার সেরা পাঁচের মধ্যে অবস্থান—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ছিল মর্যাদার প্রতীক। কিন্তু সময়ের পরিক্রমায় সেই পুরোনো আগ্রহ আর গৌরব অনেকটাই ম্লান হয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল এবং ভর্তির প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের আগ্রহ কমে যাওয়ায় স্থানীয় মহলে দেখা দিয়েছে গভীর হতাশা। একসময়ের সেরা ফলাফলকারী এই প্রতিষ্ঠানটিকে এখন ফলাফলের তালিকার নিচের দিকে খুঁজতে হয় বলে আক্ষেপ করেন স্থানীয়রা।
শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, একটি প্রতিষ্ঠানের গৌরব একদিনে যেমন তৈরি হয় না, তেমনি তা একদিনে হারিয়েও যায় না। শিক্ষার মান, শিক্ষক সংকট, প্রশাসনিক ব্যবস্থাপনা কিংবা অবকাঠামোগত ঘাটতি—কোন বিষয়গুলো এই পতনের পেছনে দায়ী, তা খতিয়ে দেখা জরুরি। জকিগঞ্জবাসীর একটাই প্রত্যাশা, জকিগঞ্জের বহু মানুষের শৈশব ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাক।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন